দক্ষিণারঞ্জন বসু » ছেড়ে আসা গ্রাম » রংপুর – হরিদেবপুর
মন বলে, যাই। অনেকদিন স্বপ্নেও দেখেছি। ভাবতে ভাবতে চোখের সামনে এসে দাঁড়ায় বৃদ্ধ ছুতোর মথুর কাকা। খোল-বাজিয়ে কানাইদার মিষ্টি গলার গান শুনতে পাই যেন। বৃদ্ধ আফসর দাদু এসে লাঠিতে ভর দিয়ে দাঁড়ান। উতলা হয়ে ওঠে মন। মনে মনেই ফিরে যাই উত্তর বাংলার সেই লোক-না-জানা অজ্ঞাত গ্রামে, আমার জন্মভূমিতে।
উত্তরবঙ্গের রংপুর টাউন থেকে মাত্র বারো মাইল দূরে আমাদের ছোট্ট গ্রাম, হরিদেবপুর। তার কোল দিয়ে বিনুনির মতো এঁকে-বেঁকে চলে গেছে শঙ্খমারী নদী। ছোট্ট নদী-খোলা তরোয়ালের মতোই চকচকে ছোট্ট নদী। বর্ষাকালে সে কিন্তু আর ছোট্টটি থাকে না। অবাধ্য সন্তানের মতো উদ্দাম স্রোতে সে ভাসিয়ে দিয়ে যায় তার দুটি পাড়। ধান আর পাটগাছের গুঁড়িতে দিয়ে যায় তার পেলব মাটির স্পর্শ। আকারে ক্ষুদ্র পালতোলা নৌকোর-সারি ভেসে বেড়ায় দুরন্ত বালকদলের মতো। প্রতিদিন দল বেঁধে আমরা স্নান করতাম। পাড়ের ওপর থেকে ঝাঁপিয়ে পড়াতে কত না আনন্দ পেতাম সেদিন। সবচেয়ে ওস্তাদ ছিল পাড়ার নেপাল মামা। একাদিক্রমে তিন-শো বার ডুব দেওয়াই ছিল তাঁর স্নানের বিশেষত্ব। একহাতে নাক ধরে তাঁর ডুব শুরু হত–উঠে আসতেন জবাফুলের মতো টকটকে লাল চোখ-জোড়া নিয়ে। জ্বর তাঁর কিন্তু কোনোদিন হয়নি সেজন্যে।
শঙ্খমারীর তীরে ছিল আর একটা অশ্বথ গাছ। ঘন পত্রাবৃত ডালগুলো কিছুটা ঝুলে পড়েছিল শঙ্খমারীর জলের ওপরে হুমড়ি খেয়ে–চলতি জলে বাধা দিত তার এক-একটি পাতা–এক-একটি পচে যাওয়া ডাল। স্রোত কাটার শব্দ ভেসে আসত নদীর ছায়াঘন কূল থেকে। এই ছায়াতে মাঝে মাঝেই উদয় হতেন এক সাধু। এসেই কুড়িয়ে আনা কাষ্ঠফলকে জ্বালিয়ে দিতেন আগুন। সারাগাঁয়ের হিন্দু-মুসলমান ভাগ্য-জিজ্ঞাসা নিয়ে জড়ো হত সেই ভয়াল অন্ধকার ঘেরা অশ্বথ গাছের নীচের আলোয়।
বকুলতলা আমাদের খেয়াঘাট। বৈকালিক ভ্রমণস্থলও বটে। ছেলে-বুড়ো সবাই বেড়াতে আসত সেখানে। কেনী ঝালো, নিতাই মন্ডল, জুয়েন খাঁ–এরা তাদের ছোট্ট ছোট্ট ডিঙি দিয়ে নামমাত্র পারানি নিয়ে পার করে দিত শঙ্খমারী। শহর ফেরত যারা, তারা খবর বহন করে আনত সমস্ত জগতের। সত্যি-মিথ্যে মেশানো খবর… সিঙ্গাপুর পতনের সাতদিন আগে আমরা খবর পেয়েছিলাম জাপান সিঙ্গাপুরে হেরে গেছে। ভজু করমজায়ীর দোকানটাই ছিল ছেলে-বুড়ো সবার আড্ডাস্থল। আকর্ষণ ছিল বইকী তার একটা। ভজু কিছুদিন হল শহর থেকে সওদা নিয়ে আসবার সময় একখানা করে খবরের কাগজ নিয়ে আসত। গ্রামের বিজয় ডাক্তার (হোমিয়োপ্যাথ) পড়তেন, আমরা সবাই শুনতাম। সে যেন একটি ছোটোখাটো সভা। ভজুর এতে কোনো আপত্তি হত না বরং তার দোকানের বিক্রি–সিগ্রেটটা, এটা-সেটা সেই সময়েই বেশি বিক্রি হত।
এই সেদিনের কথা। সেদিন খুব কুয়াশা পড়েছে সকাল থেকে। দেশি কথায় হাত পা সমস্ত ‘ট্যালকা হয়ে পড়েছিল। তবুও সন্ধ্যেবেলাটায় কিছুতেই বাড়িতে বসে সোয়াস্তি পেলাম না। চাদরটা জড়িয়ে নিয়ে গিয়ে উঠলাম সেই করমজায়ীর চালা ঘরটাতে। একে মেঘলা দিন তার ওপর একটা ঝাঁপ বন্ধ করে রাখায় ঘরটা আধার আধার হয়ে ছিল। ঘরে ঢুকে প্রথমে বিজয় ডাক্তারকে দেখতে পেলাম। ভজু করমজায়ী টাউন থেকে ফেরেনি তখনও, সবাই অপেক্ষা করছে তার জন্যে।
পুজো এসে গেছে। আমাদের বারোয়ারি বাগানের বাঁধানো বেদি এবার খাঁ খাঁ করবে বিসর্জনের প্রদীপও জ্বলবে না। নদীর ঘাটে বিসর্জনের দিনের মেলায় সে কী কোলাহল হত! হিন্দু-মুসলমান সকলকে মিলনের রাখি পরিয়ে দেওয়া হত মেলায় প্রতি বছর। এবার হয়তো শুধু একটুকরো দক্ষিণা বাতাস বয়ে যাচ্ছে হু-হুঁ করে পল্লিমায়ের চাপা কান্নার সুরে। ধান মাড়াইয়ের স্বপ্নে কৃষকদের মন এবারও আনন্দে হয়তো ভরে উঠবে। কিন্তু মথুর কাকা আর কানাইদার মিষ্টি গলার কীর্তন আর এবারের কোজাগরী লক্ষ্মীপুজোকে মহিমান্বিত করবে না। কালীপুজোর প্রসাদ বিলির আনন্দও আর উপভোগ করবে না কেউ। সব আনন্দই গেছে আমার গ্রামকে ছেড়ে। নইলে, পুজোয়, কালীপুজোয় যেসব থিয়েটার হত বারোয়ারি তলায়, সেগুলো তো এখানেই পেতে পারি–কিন্তু পল্লিমায়ের অদৃশ্য সেই স্নেহের টান তো পাব না আর।

.jpeg)

0 মন্তব্যসমূহ