নৃসিংহপ্রসাদ ভাদুড়ী » কথা অমৃতসমান » আমি দুর্বাসা তোমার বাড়িতে ভিক্ষা চাই।
এই কথাটাই সেকালের সমস্ত রাজা-মহারাজাকে সন্ত্রস্ত করে দেবার পক্ষে যথেষ্ট ছিল। দুর্বাসা, খ্যাপা দুর্বাসা এসেছেন কুন্তিভোজের কাছে। কয়েকদিন তিনি এই রাজভবনে অন্ন গ্রহণ করবেন। কুন্তিভোজ জানেন– এ বড় সৌভাগ্যের কথা, কিন্তু এই দুরূহ সৌভাগ্য তিনি শেষ পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারবেন কিনা, সেই চিন্তায় তিনি এখন আকুল। দুর্বাসা যে সে মুনি-ঋষি নন। তার ক্রোধ-কোপ অত্যন্ত সুলভ, অভিশাপবাণী জিহ্বাগ্রে নৃত্য করছে সব সময়। তার এই আপাতমধুর ভাষণের মধ্যে, অথবা ব্রাহ্মণের মুখ-নিঃসৃত ভিক্ষা চাই–এই বহুশ্রুত যাচনার মধ্যে হয়ত কোনও ভয়ই নেই। কিন্তু যাচনার দ্বিতীয় পংক্তির মধ্যেই এমন একটা সাংঘাতিক শর্ত আছে, এবং সে শর্ত-পালনের সীমা ঠিক কত দূর তা ঠিক জানা নেই বলেই রাজরক্তও যেন হিম হয়ে যায় এবং তা হয় শুধু দুর্বাসা বলেই।
দুর্বাসা বললেন আমি কদিন থাকব তোমার ঘরে। তুমি বা তোমার সাঙ্গোপাঙ্গ কেউ যেন আমার অপ্রিয় আচরণ কোর নান মে ব্যলীকং কর্তব্যং ত্বয়া বা তব চানুগৈঃ। কেই বা সব জেনে-শুনে দুর্বাসা-মুনির অপ্রিয় আচরণ করবে? কুন্তিভোজও করবেন না। কিন্তু সঙ্গে সঙ্গে কুন্তিভোজ এও জানেন যে, দুর্বাসা মুনি অকারণের মধ্যেও কারণ খুঁজে বার করতে পারেন। সাধারণ চোখে যেটা কোনওভাবেই অপ্রিয় আচরণ নয়, দুর্বাসা সেখানেও অপ্রিয়তা তৈরি করতে পারেন। বলতে পারেন–এটাই আমার অপ্রিয় কাজ। কিসে কিসে তার অপ্রিয়তার কারণ ঘটতে পারে, তার এক আভাসও পাওয়া গেল দুর্বাসার কথায়।
দুর্বাসা বললেন–দেখুন মহারাজ আমার যখন ইচ্ছে বাইরে যাব। যখন ইচ্ছে আসব– যথাকামঞ্চ গচ্ছেয় আগচ্ছেয়ং তথৈব চ। আমি কোথায় থাকব, কোথায় বসব, কোথায় শোব– এসব নিয়ে যেন কোনও প্রশ্ন না ওঠে। আপনার লোকেরা কেউ যেন অন্যায়ভাবে এ সব ব্যাপারে মাথা গলিয়ে অপরাধ না করে বসে– নাপাধ্যত কশ্চন। অর্থাৎ দুর্বাসা বলেই দিলেন–অপরাধ করবার স্থান কোনগুলি। বোঝা গেল যেন, অশন-আসন, গমন-আগমন–এসব ব্যাপারে সাবধান থাকলেই আর কোনও ভয় নেই যেন। শেষে যেন একটু সতর্কিত করেই বললেন দুর্বাসা– যদি এইভাবে আমায় থাকতে দিতে পার তবেই আমি এখানে থাকতে পারি, ভেবে দেখ–এবং বৎস্যামি তে গেহে যদি তে রোচতে অনঘ। এর উত্তরে কুন্তিভোজ কী বলবেন? না, এরকমটি এখানে সম্ভব নয়? আপনি অন্যত্র যান। এ কথা বললে তক্ষুনি তো অভিশাপ। দুর্বাসা যখন থাকবেনই তখন নিজেদেরকেই দুর্বাসার রীতি-শ্রুতি অনুযায়ী প্রস্তুত করতে হবে।
এই রকম একটা সঙ্কটকালে কুন্তিভোজ সমস্ত ব্যাপারটার মীমাংসা করলেন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে। সারা জীবনের রাজ-অভিজ্ঞতার সঞ্চয় কাজে লাগিয়ে কুন্তিভোজ বুঝলেন দুর্বাসাকে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায় একটি যুবতী স্ত্রীলোক। না, এটা ভাবার কোনও কারণ নেই যে, শমপ্রধান মুনি-ঋষিরাও ইন্দ্রিয়পরবশতা ত্যাগ করতে পারেন না, অতএব সেই জন্যই কুন্তিভোজ একটি স্ত্রীলোককে ব্যবহার করতে চাইলেন। না, এটা ভাবার কারণ নেই। ইন্দ্রিয়পরবশতার সুযোগ নেবার জন্য নয়, বরং বলব, কারণটা আরও বেশি বাস্তব। কুন্তিভোজ জানেন– একটি পুরুষ, তিনি যত কঠোর বা হৃদয়হীনই হোন না কেন, তিনি একটি যুবতী স্ত্রীলোককে অনেক সহজে ক্ষমা কৰূতে পারেন। হৃদয়হীন হতেও তার একটু সংকোচ হবে ভিন্ন-লিঙ্গতার কারণে।
রাজা কুন্তিভোজ যথানিয়মে অতিথিকে পাদ্য-অর্ঘ্য দান করে সুখাসনে বসালেন দুর্বাসাকে। দুর্বাসা একটু স্থিত হতেই কুন্তিভোজ ছুটলেন অন্দরমহলে। পৃথাকে তিনি এ বিষয়ে একটা কথাও এতক্ষণ বলেননি। তাঁর মতামতের অপেক্ষা না করেই তিনি দুর্বাসাকে কথা দিয়েছেন। অতএব সব তাকে জানানো দরকার। বিশেষত দুর্বাসার সমস্ত পরিচর্যার ভারই যখন কুন্তীর ওপর নির্ভর করছে, তাই আগে থেকে তাকে অবহিত করা দরকার। কুন্তিভোজ অন্তগৃহে পৌঁছে দেখলেন–ডাগর চোখে তার প্রতিপালিতা কন্যাটি চেয়ে রয়েছে একদিকে। সারাক্ষণ কী যে ভাবে এই মেয়েটা, কুন্তিভোজ বোঝেন না ভাল করে–উবাচ কন্যামভ্যেত্য পৃথাং পৃথুললোচনা।
কুন্তিভোজ বললেন–মা! এক বামুন ঠাকুর এসেছেন আমার ঘরে। তিনি কদিন থাকতে চান এখানে অয়ং বৎসে মহাভাগো ব্রাহ্মণো বস্তুমিচ্ছতি। তা আমি তার কথা শুনে বলেছি বেশ তো থাকুন এখানে, কোনও অসুবিধা নেই তথেত্যেবং প্রতিশ্রুত। কিন্তু জানিস মা! মুনির উপযুক্ত পরিচর্যা, এবং তার থাকা-খাওয়ার ব্যাপারে যাতে কোনও অসুবিধে না হয় সে ব্যাপারে তাকে আমি চরম আশ্বাস দিয়েছি তোরই ভরসায়– ত্বয়ি বৎসে পরাশ্বস্য ব্রাহ্মণস্যাভিরাধন। এখন আমার কথা যাতে মিথ্যা না হয়, আমার দিক থেকে তাকে তুষ্ট করার আশ্বাস যাতে বিফল না হয়, তার জন্য তোকে একটু চেষ্টা করতে হবে মা।
কুন্তিভোজ এখনও পর্যন্ত কুন্তীর কাছে মুনির নাম করেননি। কারণ দুর্বাসার নামের মাহাত্ম্য এমনই যে তা শোনামাত্রই একজন তার কর্তব্য-কৰ্ম অস্বীকার করতে পারে, বিশেষত যখন তার মত না নিয়েই কথা দেওয়া হয়েছে। কুন্তিভোজ এখনও নাম করছেন না, তবে আকারে-প্রকারে বুঝিয়ে দিলেন যে, ইনি সাধারণ কোনও মুনি নন, ইনি দুর্বাসা। কুস্তিভোজ বললেন–এই তপস্বী মুনি নিয়ত বেদাধ্যায়ী এবং অসম্ভব তেজস্বী। যা যা তিনি বলেন, যা যা চান, সব তুই নির্বিবাদে যুগিয়ে চলবি, মা–যদ্য ক্ৰয়ান্মহাতেজা তত্তদ্দেয়মমৎসরাৎ।
কুন্তিভোজ এই কটা কথা বলেই থামতে পারতেন। কিন্তু দুর্বাসা মুনি আগেভাগেই তাকে যেভাবে সাবধান করে দিয়েছেন, তাতে ব্রাহ্মণদের পূজনীয়তা সম্বন্ধে একটা সামগ্রিক জ্ঞান দিয়েই ক্ষান্ত হলেন না কুন্তিভোজ, তারা যে মাঝে মাঝে গৃহস্থের বিপন্নতাও তৈরি করতে পারেন–সেটা জানাতে ভুললেন না কুন্তিভোজ। ভুললেন না যে, তার কারণ একটাই–ইনি অন্য কেউ নন দুর্বাসা। সেকালে স্বাধ্যায়নিষ্ঠ ব্রাহ্মণের সম্মান ছিল বিশাল, অতএব সেইরকম এক ব্রাহ্মণের তুষ্টির জন্য পরিচর্যা-পরায়ণ গৃহস্থকে যে অনেক ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতে হবে– সে কথা যেমন কুন্তিভোজ জানেন, তেমনই কুন্তীও জানেন। কিন্তু ব্রাহ্মণদের সেবা করা খুব ভাল, এই সাধারণ জ্ঞানদান করার পর–অমুক সময় বাতাপি ব্রাহ্মণকে অবজ্ঞা করে মুত্যুবরণ করেছিল, যদুবংশের তালজ রাজারা ব্রাহ্মণদের অবমাননা করে যমদণ্ড লাভ করেছিল– এইসব ঘোর ভীতিজনক উদাহরণ দিচ্ছেন কেন কুন্তিভোজ?
অপ্রাসঙ্গিকভাবে এইসব উদাহরণ দিয়েই কুন্তিভোজ বললেন–এইরকম একজন মহাভাগ ব্রাহ্মণের পরিচর্যার সমস্ত ভার তোর ওপরেই দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি, মা–সোয়ং বৎসে মহাভাগ আহিতঃ ত্বয়ি সাম্প্রতম। ব্রাহ্মণের তীক্ষ্ণতা এবং সেইখানেই কুন্তীর নিযুক্তি থেকেই বোঝা যায় একজন তীক্ষ্ণতেজ, অভিশাপপ্রবণ মুনির পরিচর্যার ভারই কুন্তীর ওপর পড়েছে। আর কুন্তিভোজও ভালই জানতেন যে এক ব্রাহ্মণ আর দুর্বাসা মুনিতে তফাত আছে অনেক। দুর্বাসার যথেচ্ছ ব্যবহার, অপিচ তাঁর সাবধান-বাণী শোনা সত্ত্বেও কুন্তিভোজ যে প্রায় সঙ্গে সঙ্গে কুন্তীকে তার তুষ্টি-বিধানের জন্য নিয়োগ করলেন– এর মধ্যে তার নিজস্ব সচেতনতা এবং স্বার্থবোধও কাজ করেছে কিছু কিছু। একান্ত আপন ঔরসজাতা কন্যাকে তিনি কি এই ভয়ঙ্কর পরিচর্যা-কর্মে নিয়োগ করতে পারতেন? সন্দেহ হয়। আর ঠিক সেই জন্যই কুন্তিভোজকে তার মেয়ের কাছে সাফাই গাইতে হচ্ছে, টোক গিলে গিলে নানা কথা ব্যাখ্যা করতে হচ্ছে, এমনকি চাটুকারিতাও করতে হচ্ছে। কুন্তীও বোধহয় সে কথা বুঝতে পারছেন এবং তার সারা জীবনের অশান্তির বীজ হয়ত বা এইসব সময়েই উপ্ত হয়ে যাচ্ছে।
কুন্তিভোজ বললেন– অতিথি ব্রাহ্মণদের সেবা-পরিচর্যার ব্যাপারে, তোর যে কত নিষ্ঠা, মা– সে তো আমি ছোটবেলা থেকেই জানি জানামি প্রণিধানং তে বাল্যাৎ প্রভৃতি নন্দিনি। গুরুজনদের প্রতি তোর যা ব্যবহার, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবদের প্রতি তোর যে মমতা, এমনকি এই রাজবাড়ির কাজের লোক ঝি-চাকরদের ওপরেও তোর যে দয়া আছে, তাতে সব সময় মনে হয়–সমস্ত বাড়িটাতেই তুইই জুড়ে বসে আছিস মা ময়ি চৈব যথাবত্ত্বং সর্বৰ্মাবৃত্য বৰ্তসে। আমার এই রাজভবনে এবং অন্তঃপুরে এমন একটি মানুষও নেই, যে তোর ব্যবহারে অসন্তুষ্টন হ্যতুষ্টো জনোস্তীহ পুরে চান্তঃপুরে মম। লোক-ব্যবহারের বিস্তীর্ণ ক্ষেত্রে সর্বত্রই তুই তোর উপস্থিতি প্রমাণ করছিস, মা। কিন্তু মা, এখনও তুই সেই ছোট্টটিই আছিস। বয়স তো খুব বেশি নয় তোর, তার ওপরে তুই যে আমার মেয়ে, পৃথা বালতি কৃত্বা বৈ সুতা চাসি মমেতি চ– তাই ব্রাহ্মণদের কোপের কথাটা একটু খেয়াল করতে বলছিলাম।
কুন্তিভোজ এখানেও তার কথা শেষ করতে পারতেন। কিন্তু তা করলেন না। অপিচ বক্তব্য শেষ না করে, যেসব কথা তিনি এরপরে বলবেন, তার মধ্যে স্পষ্টত না হলেও, অতি সূক্ষ্ম ইঙ্গিতে যা প্রকাশ পাবে, তার মধ্যে দত্তক পাওয়া কন্যার সম্পূর্ণ আত্মীকরণের সংবাদ তেমন করে মেলে না। কুন্তিভোজের কথার মধ্যে এমন এক মৌখিক আড়ম্বর ছিল, সেই আড়ম্বরের মধ্যেও এমন এক আপাত-মধুরতা ছিল, তার আড়াল থেকে তাঁর পিতৃত্বের কৃত্রিমতা সর্বাংশে যাচাই করা যায় না। কিন্তু যে রমণী মনস্বিনী এবং বিদগ্ধা যার পক্ষে যেমন কুন্তিভোজের যৎকিঞ্চিৎ সচেতনতা ধরে ফেলা অসম্ভব নয়, তেমনই তার পক্ষেও কুন্তিভোজের সরল কথা জটিল করে ধরা অসম্ভব নয়– যাকে জ্ঞান হওয়ার পর অন্য একটি গৃহে দত্তক দেওয়া হয়েছে।
কুন্তিভোজের বক্তব্য নিবেদন করার আগে আমাদের ঘরের কথা বলে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ধরুন, একটি সম্পন্ন গৃহস্থের বাড়িতে পুত্রের কৃতিত্ব এবং অকৃতিত্ব নিয়ে কথা হচ্ছে। ধরুন, ছেলেটি একটি ভাল কাজ করেছে, এবং সেই ভাল কাজটা তার পক্ষে হয়ত যথেষ্টই স্বাভাবিক। কিন্তু সেই ভাল কাজের মর্যাদার সামান্য একটু স্পর্শ পাবার জন্য মা স্বামীকে বললেন, আমি আগেই তোমাকে বলেছিলাম, ছেলে আমার এই করবে, সেই করবে… ইত্যদি। অর্থাৎ ছেলের গর্বে মা গরবিনী হলেন, তাঁর গলার শিরা ফুলে উঠল এবং পারলে সমস্ত জগতের কাছে যেন তিনি ঘোষণা করে দেন যে, ছেলেটি তারই স্বর্ণগর্ভজাত বলেই এই কৃতিত্বের অধিকারী হয়েছে।
এবার ধরুন ছেলেটি একটি খারাপ কাজ করে এল এবং সেটাও তার পক্ষে স্বাভাবিক। তখন কিন্তু উপরিউক্ত জননী অন্য সুরে স্বামীকে বলবেন– আমি আগেই তোমাকে বহুবার বলেছি, তুমি তোমার ছেলে সামলাও। এইরকম হবে, আমি আগেই জানতাম। ইত্যাদি কথোপকথনের পর বংশের ধারা যাবে কোথায়, যেমন বাপ তেমন ছেলে– ইত্যাদি এবং নানান গার্হস্থ্য এবং দাম্পত্য বাদ-প্রতিবাদ এবং ঝগড়া-ঝাটি হতেই থাকবে এবং আমরা এইসব নৈমিত্তিক ঝগড়া-ঝাটির সঙ্গে অতি-পরিচিত। আমরা জানি, সংসার জীবনের গড্ডলিকা প্রবাহে বাবা-মায়েরা তাদের অতি প্রিয় সন্তানকে কখনও স্বসুখবাসনায় অঙ্গীকার করেন কখনও বা আপসে disown করেন। কিন্তু এই অঙ্গীকার বা অনঙ্গীকার সুস্থ-সরল সন্তানের মধ্যে অতিরিক্ত কোনও মনস্তাপ ঘটায় না। কিন্তু পুত্র-কন্যার জীবনের গতি যদি সরল না হয়, তা যদি বাঁধাধরা আহ্নিকগতির বাইরে কোনও জটিল পথ ধরে চলতে থাকে, তবে কিন্তু পিতা-মাতার অতি-সাধারণ তির্যক ভাষণও পুত্র-কন্যার মনে অনাত্মীয়করণের বীজ বপন করবে।
শৈশব-কৈশোরের পরিচিত বাবা-মায়ের কাছে একবার মানুষ হওয়ার স্বাদ পেয়ে, তাদের মা-বাবা বলে ডেকে তারপর অন্য এক বাড়িতে অন্য এক বাবা-মার কাছে মানুষ হওয়ার মধ্যে কী সুখ– তা কুন্তিভোজের পক্ষে বোঝা সম্ভব নয়। কুন্তী জানেন– সেই সুখ কী। পরের ঘরে অতিসুখে লালিত, প্রতিপালিত, প্রত্যেক পুত্র-কন্যাই জানেন সে সুখ কী। শুধুমাত্র রাজবাড়ির সাজাত্যে কুন্তিভোজ যা উচ্চারণ করলেন তা যে কুন্তীর সুখের হতে পারে না, তা পরিষ্কার বোঝা যায় এই অস্থান-পতিত উপমার ব্যবহারেই। কুন্তিভোজের বাড়ি কুন্তীর শ্বশুরবাড়ি নয়। যে বাড়িতে তিনি ছিলেন, সেখানে তিনি সুখেই ছিলেন যথেষ্ট। মহারাজ আর্যক শূরের আদরও কিছু কম ছিল না তার প্রতি। কুন্তিভোজ নিজেও সেকথা স্বীকার করেছেন– শূরস্য দয়িতা সুতা। সেখানে নতুন এক রাজবাড়িতে শুধুমাত্র প্রতিপালিত হওয়ার মধ্যে কুন্তীর কী সুখ থাকতে পারে?
কিন্তু এই সুখকে কুন্তী সুখ বলে না ভাবলেও কুন্তিভোজ ভাবছেন–বড় সুখ হয়েছে তার কন্যার। তা হোক। কিন্তু প্রসিদ্ধ বৃষ্ণিবংশের গৌরবের সঙ্গে নিজের বাড়ির রাজসুখের বাণী উপহার দিয়ে কুন্তিভোজ যে কুন্তীকে বড় মহিমান্বিত করে তুললেন,–এই মহিমাখ্যাপনের কারণ কিন্তু একেবারেই অন্য কিছু। কুন্তিভোজ জালেন–ওইরকম বিখ্যাত বৃষ্ণিকুলে যে জন্মেছে, আর এইরকম মহৎ কুলে যে বড় হয়ে উঠেছে–তাদৃশে হি কুলে জাতা কুলে চৈব বিবর্ধিতা– তাকে আমার জানাতে কোনও বাধা নেই যে, জান তো, মন্দ এবং নীচ বংশের মেয়েদের যদি খানিকটা আচার-নিয়মের মধ্যে রাখা যায়, তবে তারা চপলতাবশত যা করা উচিত নয় তাই করে ফেলে।
কুন্তিভোজ এতক্ষণ যা বলছিলেন, তা ছিল সাধারণ উপদেশের মতো। কিন্তু এই এক্ষুনি যে কথাটা বললেন সেটা তো সাধারণ কোনও কথা নয়। মহাভারতের অন্যতম এক বিদগ্ধা নায়িকা এই মধুর উপদেশের মধ্যে কোনও ইঙ্গিত খুঁজে পাবেন না, এমনটি হয় নাকি? হঠাৎ এই মন্দ-নীচ বংশের কথাটা আসল কেন? কুন্তীকেই কি কুন্তিভোজের বাড়িতে অতিরিক্ত আচার-নিয়মের প্রগ্রহে রাখা হয়েছে? কুন্তিভোজের ইঙ্গিত খুব স্পষ্ট। অর্থাৎ নিয়ম-আচারের শৃঙ্খলের মধ্যে থেকেও দোষ বা চপলতা যদি কিছু ঘটে, তবে সেই দোষ অবশ্যই চেপে যাবে সেই বীজী বংশের ঘাড়ে! আরও পরিষ্কার করে বলা যায়– কুন্তিভোজ প্রসিদ্ধ বৃষ্ণিকুলকে এখন যতই ভাল-ভাল কথা বলে সাধুবাদ দিন, তেমন তেমন দোষের কিছু ঘটলে কুন্তিভোজ অনাত্মীকরণের সুযোগ ছাড়বেন না। তিনি disown করবেন এবং উপরি মন্তব্য সেই অনাত্মীকরণের গৌরচন্দ্রিকা। কুন্তী এসব কিছুই বোঝেন না।
তিনি যে দেখতে সুন্দরী, সে কথা কুন্তীর অজানা নয়। পুরুষ মানুষের চোখ, সাধারণ জনের সপ্রশংস সম্ভাষণ এবং অন্য যুবতী-=-জনের ঈর্ষায় প্রত্যেক সুন্দরীই যেমন নিজের সৌন্দর্য সম্বন্ধে সচেতন হয়, কুন্তীও তেমনি নিজের সম্বন্ধে সচেতন। তিনি যে বৃষ্ণি রাজকুলের জাতিকা সে সম্বন্ধেও তাঁর সচেতনতা যথেষ্ট। কিন্তু এই সচেতনতা তো কুন্তিভোজের থাকবার কথা নয়। তিনি বৃষ্ণি–রাজকুলের এক বালিকাকে নিজের মায়ায় মানুষ করে যুবতীটি করে তুলেছেন। কিন্তু তাকে আজ এই আকালিক পৃথা সম্বোধন কেন? এই নামে তো তাকে চেনেন শুধু আর্যক শূরের বাড়ির লোকেরা। দুর্বাসাকে তুষ্ট করার প্রক্রিয়ায় এমন–সেমন যদি কিছু ঘটে, কুন্তিভোজ কি তার দায় গ্রহণ করবেন না বলেই পূর্বাহ্নেই তিনি কুন্তীর জন্ম–সম্বন্ধ স্মরণ করাচ্ছেন? তিনি একবারও বললেন না–অন্যথা কিছু ঘটলে–তুমি আমার মেয়ে–আমার সম্মান যাবে। বললেন–পৃথা! অর্থাৎ সেই শূর–=বংশের নাম–পৃথা! তোমার জন্ম রাজকুলে অর্থাৎ সেই বংশের মেয়ে হয়েও অন্য কিছু ঘটলে, আমার বংশের সম্মান যাবে–কৃৎস্নং দহ্যেত মে কুল–আমার বংশ ছারখার হয়ে যাবে।
কুন্তিভোজের কথা থেকে বোঝা যায়–কুন্তীর অন্যায় যদি কিছু ঘটে–সে অন্যায় তাঁর রূপের জন্যই হোক, অথবা তার রাজবংশের সচেতনতায় দম্ভ-অহংকারের জন্যই সে অন্যায় ঘটুক–অন্যায় যদি কিছু ঘটে, তবে সে তার মূল বংশের দোষ, কিন্তু সে অন্যায়ের ফল যেহেতু কুন্তিভোজকেই ভুগতে হবে, অতএব তিনি সাবধানবাণী উচ্চারণ করছেন কুন্তীর পুরাতন বংশের নামেই–পৃথা! রাজকুলে তোর জন্ম, তোর রূপেরও কোনও অভাব নেই। তবে দুর্বাসাকে তুষ্ট করতে হলে তোকে তোর বংশের গৌরব ত্যাগ করে, রূপের অহংকার ত্যাগ করে–সা ত্বং দর্পং পরিত্যজ্য দম্ভং মানঞ্চ ভাবিনি–তার সেবা করতে হবে। তবেই তোর মঙ্গল হবে, মা! কিন্তু কোনওভাবে তিনি যদি অসন্তুষ্ট হন, তবে আমার বংশের যে সর্বনাশ হবে, মাকোপিতে চ দ্বিজশ্রেষ্ঠে কৃৎস্নং দহেত মে কুলম্।
কুন্তী সব বুঝলেন। যিনি মথুরার অন্যতম বৃষ্ণি গোষ্ঠীর নেতা আর্যক শূরের মেয়ে, যিনি কংস-রাজার বিরোধী গোষ্ঠীর শ্রেষ্ঠ নেতা বসুদেবের ভগিনী, তিনি সমস্ত কথার ইঙ্গিতই বোঝেন। মহারাজ কুন্তিভোজের সমস্ত ইঙ্গিত অন্তরে রেখে মনস্বিনী কুন্তী এবার জবাব দিলেন। ভারি আশ্চর্য! কুন্তী পিতার সম্বোধনে কথা আরম্ভ করলেন না। বললেন–রাজন! রাজেন্দ্র! ভাবটা এই-দুর্বাসা মুনির মতো এক সুলভকোপ মহর্ষিকে সেবা করার জন্য যে শুষ্ক দায়িত্বভার কুন্তীর ওপর চাপালেন কুন্তিভোজ, সে দায়িত্ব প্রায় রাজকার্যের অঙ্গ। মুনির স্বভাব সম্পূর্ণ জেনেও এক পিতা তার দয়িতা কন্যার ওপরে এই দায়িত্ব চাপাতেন না। কিন্তু কুন্তিভোজ তার সঙ্গে কোনও পরামর্শ না করেই যে দুর্বাসার কাছে কুন্তীর নাম উচ্চারণ করে তাকে ঋষির সেবায় নিযুক্ত করে দিলেন, এই ব্যবহার রাজার মতো। কুন্তীও তাই প্রথমে সাড়া দিলেন রাজকার্যের ইতিকর্তব্যতায়।
কুন্তী বললেন–আমি যথাসাধ্য নিয়ম-নিয়ন্ত্রণের মধ্যে নিজেকে বেঁধে নিয়েই অভ্যাগত ব্রাহ্মণ-ঋষির সেবা করব–ব্রাহ্মণং যন্ত্রিতা রাজন্ উপস্থাস্যামি সেবয়া। এই বাক্যে যন্ত্রিত শব্দের অর্থ নীলকণ্ঠের মতে নিয়ন্ত্রিতা। আমরা বলি–শব্দটাকে যন্ত্রের অনুষঙ্গে ধরলেই বা ক্ষতি কী? রাজার আদেশ, রাজার নিয়োগ–অতএব যন্ত্রের মতোই তো কাজ করতে হবে কুন্তীকে। কুন্তী ভাষা ব্যবহার করেছেন যন্ত্রের যন্ত্রণা দ্ব্যর্থকতার মধ্যে আবদ্ধ করে। কুন্তী বললেন–তুমি যেমনটি তাকে কথা দিয়েছ, সেইভাবেই তার সেবা করব। বামুন-ঠাকুরদের যত্ন-আত্তি করার ব্যাপারটা তো আমার স্বভাবের মধ্যেই পড়ে। আর সেই সেবার মাধ্যমে তোমার প্রিয় কর্ম করাও যেমন হবে, তেমনই আমারও তো মঙ্গল হবে–তব চৈব প্রিয়ং কার্যং শ্রেয়শ্চ পরমং মম।
দুর্বাসার জন্য কী কাজকর্ম করতে হতে পারে এবং গৃহস্থ বাড়িতে তার অবস্থানের রীতি-পদ্ধতি কুন্তীর পূর্বাহ্নেই জানা আছে। আর জানা আছে বলেই কুন্তিভোজকে তিনি সমস্ত দুর্ভাবনা থেকে নিশ্চিন্ত করে বলেছেন–তিনি যেখানে ইচ্ছে যান, যখন ইচ্ছে বাড়ি ফিরুন–সকাল, সন্ধে, রাত্রে, রাত-দুপুরে–যখন ইচ্ছে বাড়ি ফিরুন–যদেবৈষ্যতি সায়াহ্নে যদি প্রাতরথো নিশি–তবু আমার ওপরে রাগ করার কোনও সুযোগই পাবেন না তিনি। এতক্ষণ কুন্তিভোজের মুখে অনাত্মীকরণের যে সূক্ষ্ম ইঙ্গিতগুলি কানে শুনেছেন কুন্তী, এবার তিনি তা ফিরিয়ে দিচ্ছেন ততোধিক সূক্ষ্মতায়। কুন্তী বললেন–তোমার আদেশ যেমন পেয়েছি, রাজা। আমি সেই আদেশ অনুযায়ী তোমার হিত সাধন করব। তুমি একেবারে নিশ্চিন্ত থাক–বিশ্রক্কো ভব রাজেন্দ্র–তোমার বাড়িতে থাকাকালীন তার অন্তত এতটুকু অসুবিধেও হবে না। অন্তত আমার দিক থেকে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, যাতে ঋষিমশাইও খুশি হন, আর তোমারও যাতে ভাল হয়। তুমি নিশ্চিন্ত হও–আমি চেষ্টা করব–যতিষ্যামি তথা রাজন্ ব্যেতু তে মানসো জ্বরঃ।
মনে রাখা দরকার, কুন্তী বিদগ্ধা রমণী। তিনি জানেন যে, তার কালের সমাজে নমস্য ব্রাহ্মণ ঋষিদের সন্তুষ্টির ওপর যে কোনও রাজার মঙ্গলামঙ্গল নির্ভর করে। ব্রাহ্মণরা সন্তুষ্ট হলে অনুকূল জনমত তৈরি হয়, অনুকূল জনমত তৈরি হলে যে কোনও রাজার অস্তিত্ব এবং রাজত্ব দীর্ঘস্থায়ী হয়। আর যদি ব্রাহ্মণরা রাষ্ট্রের প্রতিকূল হন, তবে রাজার দিক থেকেও বিপরীত এক বিপ্লবের আশঙ্কা থাকবে। কুন্তী এই কথাগুলি জানেন–তারণায় সমর্থাঃ সু বিপরীতে বধায়। চ। বস্তুত তখনকার দিনের রাজারা যতই স্বৈরাচারী বলে পরিচিত হন না কেন তাদেরও একটা অ্যাকাউন্টেবিলিটি ছিল এবং সেই দায়বদ্ধতা সমাজের সবচেয়ে শিক্ষিত সম্প্রদায়ের কাছে।
আপনারা লক্ষ্য করে দেখবেন–রাজবাড়িতে ব্রাহ্মণরা অথবা ঋযিরা যেমন নানা সময়ে সদুপদেশ দেবার জন্য আসেন, তেমনি অনেক সময় তারা এসে এমন এমন সব অবাস্তব কাণ্ডকারখানা আরম্ভ করেন, কখনও বা অন্যায় অসভ্য ব্যবহার করে এমন সব ধুন্ধুমার কাণ্ড বাধিয়ে বসেন, যাতে মনে হবে ব্রাহ্মণ-ঋষিদের মতো অত্যাচারী জীব আর পৃথিবীতে নেই। আমাদের ব্যক্তিগত মতে এই অপব্যবহার-অত্যাচারের একটা অন্য তাৎপর্য আছে। আসলে স্বৈরাচারী রাজাকেও এঁরা সাময়িকভাবে অতি সাধারণ পরিশ্রমী মানুষের পর্যায়ে নামিয়ে এনে সাময়িকভাবেই তাদের ঐশ্বর্যের মোহমুক্তি ঘটান। একজন রাজা যখন ঋষি ব্রাহ্মণের জন্য চাকরের মতো খাটেন, একজন রাজপুত্র যখন তার ব্রাহ্মণ-গুরুর তুষ্টির জন্য তার অযৌক্তিক আদেশ শিরোধার্য করেন, একজন ঐশ্বর্যবান পুরুষ যখন তার অভিমান-মঞ্চ থেকে নেমে এসে ব্রাহ্মণের পাদজে আপন শির পবিত্র করেন, তখন রাজা, রাজপুত্র বা সমেশ্বর্যশালী পুরুষকে নেমে আসতে হয় মাটির ধুলোয়। তাকে প্রতিষ্ঠা পেতে হয় সাধারণ মানুষের সম-মাহাত্ম্যে। ব্রাহ্মণ-ঋষির অযৌক্তিক অপব্যবহার এবং অত্যাচারের তাৎপর্য এইখানেই। নইলে, দুর্বাসা, অগস্ত্য, বিশ্বামিত্রের খামখেয়ালিপনা গল্পকথা মাত্র।
ব্রাহ্মণদের এই সামাজিক শিক্ষকতার ভূমিকা সম্বন্ধে কুন্তী সম্পূর্ণ অবহিত। কুন্তী বলেন–আমি তাদের যথেষ্ট চিনি বলেই তাকে তুষ্ট করব অবশ্যই–সাহমেদ বিজানী তোষয়িয্যে দ্বিজোত্তমম্। যেমনটি তুমি তাকে আশ্বাস দিয়েছ, আমি সেইভাবেই তাকে তুষ্ট করব। রাজা যদি অপরাধ করেন তবে ব্রাহ্মণরা তার অমঙ্গলের কারণ ঘটাবেন, সেটা আমি জানি বলেই, অন্তত আমার জন্য যাতে তোমার কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে আমি সযত্ন থাকবন মকৃতে ব্যথাং রাজ প্রাঙ্গ্যসি দ্বিজসত্তমা।
মহারাজ কুন্তিভোজের কাছে এই সম্পূর্ণ বক্তব্য নিবেদন করার সময় কুন্তী একবারের জন্যও তাকে পিতা বলে ডাকেননি। কথারম্ভ থেকে কথা–শেষ পর্যন্ত সেই একই কৃত্রিম সম্বোধন–রাজ অথবা রাজেন্দ্র, অথবা নরেন্দ্র। কুত্তিভোজও নিজের এই কৃত্রিমতা বুঝেছেন বলেই কুন্তীর বক্তব্য শেষে তিনি তাকে জড়িয়ে ধরেছেন–পরিষজ্য সমর্থ চ। আসলে কুন্তিভোজকে কুন্তী একবারও বুঝতে দেননি–কোথায় তার লাগছে? কুন্তিভোজের কথা তিনি এমন সহমতে মেনে নিয়েছেন, কুন্তিভোজের শুভৈষণায় তারই প্রতিজ্ঞাত কর্তব্যকর্মগুলি এমনভাবেই তিনি সম্পূর্ণ করে দেবার আশ্বাস দিয়েছেন যে, তিনি একবারও বুঝতে পারলেন না–তার কোন্ অসচেতন আচরণ, কোন্ অসতর্ক শব্দ এই যুবতী-হৃদয়ের গভীরে ক্রিয়া করল।
কুন্তিভোজ কালবিলম্ব না করে পৃথা-কুন্তীকে সঁপে দিলেন দুর্বাসার হাতে–পৃথাং গরিদদৌ তস্মৈ দ্বিজায় দ্বিজবৎসলঃ। কুন্তিভোজ বললেন–এই আমার মেয়ে! বড় ছেলে-মানুষ! আর মানুষও হয়েছে বড় সুখে। যদি অন্যায় অথবা দোষ কিছু করে ফেলে, তবে মনে কিছু করবেন না–ন কাৰ্যং হৃদি তত্ত্বয়া। ও যথাসাধ্য আপনার সেবা করবে, আপনি সেই সেবা গ্রহণ করে কৃতার্থ করবেন ওকে। মুনি দুর্বাসা কুন্তিভোজের অনুরোধ আপাতত স্বীকার করে নিলেন সাধারণ ভঙ্গিতে–আচ্ছা সে দেখা যাবে। ঠিক আছে, ঠিক আছে–এইরকম কোনও উদাসীনতায়।
কুন্তিভোজ মুনির বসবাসের জন্য শ্বেতশুভ্র একটি গৃহের ব্যবস্থা করে দিলেন হংসচন্দ্রাংশুসঙ্কাশং গৃহমস্মৈ ন্যবেদয়ৎ। সেখানে থাকল একটি অগ্নিশরণ-গৃহ, যেখানে মুনির হোম-যজ্ঞের সুষ্ঠু ব্যবস্থা করে দেওয়া হল। সঙ্গে থাকলেন পৃথা। তিনি রাজপুত্রীর সমস্ত দম্ভ-মান ছেড়ে, নিদ্রালস্য ত্যাগ করে মুনির সেবা করতে লাগলেন–নিক্ষিপ্য রাজপুত্রা! তন্দ্রীং মানং তথৈব চ। কথায় বলে–দেবতার আরাধনা করতে হলে শম-দমাদি সাধনের দ্বারা নিজের অন্তঃকরণবৃত্তিকে দেবতার পর্যায়ে উন্নীত করতে হয়–দেবো ভূত্বা দেবং যজেত। কুন্তী এক ঋষির সেবায় নিজেকে উপযুক্ত করে তোলার জন্য নিজেকে শৌচ-নিয়ম-ব্রতের বাঁধনে এমনভাবেই বেঁধে ফেললেন–পৃথা শৌচপরা সতী–যে, তাঁকেও এই সময় ঋষি-মুনির মতো শান্ত লাগছিল–তোয়ামাস শুদ্ধেন মনসা সংশিতব্রতা।)
সচেতনভাবে ব্যবহৃত হচ্ছে, সেখানে সেবা-পরিচর্যার কোনও অবসন্ন মুহূর্তে এই রূপের দিকে দুর্বাসা কখনও ফিরেও তাকাবেন না, অথবা শুষ্ক-রুক্ষ মুনিচিত্ত কখনই সে রূপের আতপ্ত ছোঁয়ায় দলিত মথিত হবে না, এমন ভাবার কোনও কারণ নেই। বরং ধরে নিই, কোনও অসতর্ক মুহূর্তে অথবা কোনও অকারণের আনন্দে দুর্বাসা মুনির মন কুন্তীর প্রতি যদি কখনও সরস হয়েই থাকে অথবা ঘটে গিয়ে থাকে অশোভন চপলতা, তবে কুন্তীর দিক থেকে সেটা তাঁর রাগের কারণ হলেও সে রাগ তিনি সংযত করেছেন নিজের শৌচাচারের মহিমায়, সেই সরস চপলতা তিনি সযত্নে পরিহার করেছেন শিষ্যা, কন্যা এবং ভগিনীর ব্যবহারভূমিতে নিজেকে স্থাপন করে।
ঋষি দুর্বাসা সন্তুষ্ট হতে বাধ্য হলেন। কুন্তীর চরিত্র এবং ব্যবহার-কৌশলেই তিনি ধীরে ধীরে সন্তুষ্ট হলেন কুন্তীর ওপরে–তস্যাস্তু শীলবৃত্তেন তুতোষ দ্বিজসত্তমঃ। সন্তুষ্ট তিনি ছিলেনই, কিন্তু পরীক্ষা আর নিরীক্ষার মাধ্যমে যখন তার ব্যবহার আর চরিত্রের মধ্যে কোনই ত্রুটি খুঁজে পেলেন না মহর্ষি,–নাপশ্য দুষ্কৃতং কিঞ্চিৎ পৃথায়াঃ সৌহৃদে রতঃ–তখন এই যুবতী রমণীকে তিনি স্নেহের চোখে দেখতে বাধ্য হলেন। ততদিনে এক বৎসর পার হয়ে গেছে। মহর্ষির বোধহয় এবার যাবার সময় হয়ে এল। রাত্রি দিনের সন্ধিলগ্নে উপস্থিত স্তিমিত এই সূর্যের দিকে তাকিয়ে থাকতে তার এতটুকু কষ্ট হল না। কুন্তী দেখতে পেলেন–এই পুরুষের গায়ে সোনার বরণ বর্ম আঁটা আছে, সুবর্ণ কুণ্ডল জ্বল জ্বল করছে দুই কানে–আমুক্তকবচং দেবং কুণ্ডলাভ্যাং বিভূষিতম্। হাতে সোনার কেয়ুর। গায়ের রঙ মধুর মতো পিঙ্গল। কুন্তীর মনে হল–দেবতা যেন হাসছেন তার আসঙ্গ-লিপ্সা বুঝতে পেরে–মধুপিঙ্গো মহাবাহুঃ কম্বুগ্রীবো হসন্নিব।
মহাভারতের কবির এই বিদগ্ধ-বর্ণনা শুনতে শুনতেই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে–কবি কিন্তু তাঁর পূর্বযুগের পরম্পরা নষ্ট হতে দেননি এখনও। বেদের মধ্যে আমরা সূর্যের স্বরূপ যেমনটি দেখেছি, তাতেও সমস্ত অভিরাম বর্ণনার মধ্যে সূর্যের একটা নায়কোচিত বিলাস বেশ ভাল করেই চোখে পড়ে। বৈদিক কবি সূর্যকে সুন্দরী ঊযার বসনাঞ্চলের প্রান্ত ধরে তারই পিছন পিছন সানুরাগে অনুগমন করতে দেখেছেন এবং তা ঠিক মনুষ্যলোকের অনুরাগী যুবক-যুবতীরই অনুকরণে–সূর্যো দেবীমুষসং রোমানাং/মর্যো ন যোবা অভ্যেতি পশ্চাৎ। মহাভারতের কবি তার মহাকাব্যের অন্যতম নায়িকাকে প্রথমেই মর্ত মানুষের হাতে ছেড়ে দিতে পারেননি। বৈদিক যুগের প্রাগ্রসর দেবতা-পুরুষ সূর্যের নায়কত্ব কল্পনা করে কবি এখানে বৈদিক যুগের ঐতিহ্য মেনে নিয়েছেন। কিন্তু সেই ঐতিহ্যের সঙ্গে তাঁর মহাকাব্যের কবি-কল্পনা মিশে গেছে। ইতিহাস-পুরাণের যুগে সূর্যের বৈদিক কল্প নারায়ণ-বিষ্ণুতে রূপান্তরিত হয়েছে। আমরা নারায়ণের ধ্যান করেছি সবিতৃমণ্ডলমধ্যবর্তী এক পুরুষ রূপে। তারও কানে সুবর্ণ-কুণ্ডল, মাথায় কিরীট, হাতে কেয়ূর–কেয়ূরবান্ কনককুণ্ডলবান কিরীটী/হারী হিরন্ময়বপুঃ।
কুন্তীও সূর্যের এই মূর্তি দেখতে পেয়েছেন–অঙ্গদী বদ্ধমুকুটো দিশঃ প্রজ্বালয়ন্নিব। আমরা মহাভারতের কবির বৈদিক রসবত্তা নষ্ট করে কখনই এই জ্যোতিমূর্তিকে নারায়ণ বলব না। বলব সূর্য। বলব এই কারণে যে, ঋগবেদে সূর্যের মতো কুলীন দেবতা আর কে আছেন? এমনকি অন্য সমস্ত বৈদিক দেবতাকেও সূর্যেরই বিভূতি বলে কল্পনা করা হয়। অধ্যাপক সীতারাম শাস্ত্রী সমস্ত বৈদিক মন্ত্রেরই সূর্যনিষ্ঠ ব্যাখ্যা করতে ভালবাসতেন। তাছাড়া সূর্য এমনই এক দেবতা, যিনি শুধু ভারতবর্ষ নয়, গ্রিস-রোম-মিশর এবং সমস্ত পুরাতন সভ্যতাতেই তার জয়কার সগৌরবে ঘোষিত। পরবর্তীকালের যে সমস্ত দেবতা প্রধান এবং কুলীন পর্যায়ে উন্নীত হয়েছেন, মিথলজিস্টরা তাদের সৌরমূল (Solar origin) আবিষ্কার করতে ব্যস্ত হন। আমরা তাই আশ্চর্য হয়ে লক্ষ্য করি, মহাভারতের কবি তাঁর সহস্র কল্পনায় বিকশিত মহাকাব্য রচনা করতে গিয়েও সমস্ত বৈদিক দেবতত্ত্বের মূল সূর্যকেই তাঁর প্রথমা নায়িকার নায়ক হিসেবে নির্বাচন করতে ভুল করেননি। এতে একদিকে যেমন তার পূর্বসূরি বৈদিক কবিদের প্রতি শ্রদ্ধা সূচিত হয়েছে, অন্যদিকে তেমনি সূর্যকে পুরুবিধ কল্পনা করে, তিনি তার মহাকাব্যের নায়িকাকে নায়ক নির্বাচনের সুযোগ খুঁজে নিয়েছেন।
সূর্যের কবচী-কুণ্ডলী সর্বোদ্ভাসী রূপ দেখে কুন্তী মুগ্ধ হলেন। দুর্বাসার দেওয়া মন্ত্রের প্রথম পরীক্ষা যদি করতেই হয়, তবে এই অসাধারণ দেবতার ওপরেই তার প্রথম প্রয়োগ করতে হবে বলে কুন্তীর মনে হল। প্রণাম-আচমন করে শুদ্ধ হয়ে কুন্তী দুর্বাসার দত্তমন্ত্র উচ্চারণ করলেন, আর তার অন্তরে ভাবিত হল সোনার বর্ম পরা, সোনার মুকুট আর সোনার কুণ্ডল পরা সূর্যের সেই দৃপ্ত রূপ। কুন্তী সূর্যকে নিজের কাছে আসার জন্য আহ্বান-শব্দ উচ্চারণ করলেন দুর্বাসার মন্ত্রে–আহ্বানমকরোৎ সাথ তস্য দেবস্য ভাবিনী।
মন্ত্রের শক্তি সঙ্গে সঙ্গে অনুভূত হল। জ্যোতির্ময় সূর্য–পুরুষ নিজেকে দ্বিধা বিভক্ত করলেন–যোগাৎ কৃত্বা দ্বিধাত্মান। তার জ্যোতিঃস্বরূপে তিনি তাপ বিকিরণ করতে থাকলেন আগের মতোই, আর তার পুরুষ–স্বরূপে তিনি রাজভবনের গবাক্ষপথে নেমে এলেন কুন্তীর কাছে। হিরণ্যবর্ণ, কানে কুণ্ডল, গায়ে সোনার বর্ম আঁটা, মাথায় বদ্ধমুকুট।
অবাক বিস্ময়ে কুন্তীর শরীর-মন মুকুলিত হয়ে উঠল। দুর্বাসার মন্ত্র এমন করে সত্যি হয়ে উঠবে, তিনি ভাবেননি। দেবপুরুষ সূর্য কুন্তীর সামনে এসে প্রথমে সম্ভাষণ করলেন–ভদ্রে। সম্বোধনটা অনেকখানি ফরাসিদের মাদামের মতো। প্রথম আলাপের দূরত্ব এবং ভদ্রতা দুই-ই এতে বজায় থাকে। সূর্য বললেন–ভদ্রে! আমি এসেছি তোমার কাছে। তোমার মন্ত্রের শক্তি আমাকে বাধ্য করেছে তোমার বশীভূত হতে–আগতোস্মি বশং ভদ্রে তব মন্ত্ৰবলাৎকৃতঃ। এই শব্দটা আমরা চিনি। বলাৎকার, বলাৎকৃত–এই সব শব্দের অর্থ এবং ভাবের মধ্যে ভালবাসার কোনও ব্যঞ্জনা নেই। ভাবটা এই–তোমার মন্ত্রই এই বলাৎকার ঘটিয়েছে, আমি স্বেচ্ছায় তোমার কাছে আসিনি। কী করতে হবে বল। যা বলবে, তাই করব–কিং করোমি বশশা রাজ্ঞি ব্রহি কর্তা তদস্মি তে।
কুন্তী কি এইরকমটি চেয়েছিলেন? প্রভাতসূর্যের রক্তিম কিরণ-কর-স্পর্শে যিনি রোমাঞ্চিত হয়েছিলেন, তিনি শুধু মন্ত্রের সত্যরক্ষার জন্য তার সঙ্গে মিলিত হবেন, এ যে তার কাছেও বলাৎকার। প্রেমের স্পর্শহীন এক দৈহিক ব্যায়াম। এমনটি তিনি চাননি। অন্তত তাঁর উম্মত রোমাঞ্চের প্রত্যুত্তর হতে পারে না এই যান্ত্রিকতা। অতএব সঙ্গে সঙ্গে দেবতা-পুরুষের সমস্ত স্তুতি-নতি-বশ্যতা প্রত্যাখ্যান করে কুন্তী বললেন–ভগব। অর্থাৎ পরম শক্তিমানের প্রতি নিতান্ত দুর্বলের দূরত্বের সম্বোধন। ভগবন! আপনি চলে যান এখান থেকে। যেখান থেকে আপনি নেমে এসেছেন এইখানে, সেইখানেই প্রত্যাবর্তন করুন আপনি–গম্যতাং ভগবংস্তত্র যত এবাগতত হ্যসি।
কুন্তী নিজের কুমারীত্বের কথাও স্মরণ করলেন বুঝি। অপরিচিত পুরুষ যদি প্রথম দর্শনেই রমণীকে বলে–আমি তোমার বশীভূত, যা বল, তাই করব, রমণী তখন নিজের লালিত কুমারীত্ব-হানির ভাবনা করে। হয়ত সেই ভাবনা মনে রেখেই কুন্তী বললেন–আমি নিতান্ত কৌতূহলে আপনাকে একবার শুধু ডেকেছিলাম। আপনি মনে কিছু করবেন না, ফিরে যান–কৌতূহলাৎ সমাহূতঃ প্রসীদ ভগবন্নিতি। এখানে সংস্কৃতের প্রসীদ শব্দটি বাংলা ভাষায় তর্জমা করলে ঈপ্সিত অর্থ পাই না। প্রসীদ শব্দটা বাংলার প্রসন্ন হোন-এর থেকে অনেক বেশি স্মার্ট। তাই কুন্তীর অনুরোধ বাংলায় সঠিক তর্জমা করলে দাঁড়ায়–প্লিজ! আপনি ফিরে যান, আমি শুধু একটু মজা করার জন্য আপনাকে ডেকেছিলাম।
যৌবনবতী এক সুন্দরী সানুরাগে এক পুরুষকে ডেকেছেন মজা দেখার জন্য। সে মজাও যেমন–তেমন মজা নয়, কুন্তীর সানুরাগ আহ্বানের মধ্যে দুর্বাসার দেওয়া সঙ্গম-মন্ত্র উচ্চারিত হয়েছিল। কোনও একক পুরুষকে কোনও যুবতী যদি সঙ্গমের বাসনা নিয়ে ঘরে ডেকে, সে যদি বলে–প্লিজ! আপনি বাড়ি যান, তবে সে পুরুষ আর প্লিজড় হয়ে ঘরে ফেরে না। কথাটাকে যুবতী-সুলভ সামান্য লজ্জা-মাত্র ভেবে পুরুষ তখন ভদ্রতার সম্বোধন ত্যাগ করে এবং দৃষ্টি দেয় রমণীর উচ্চাবচ শরীরে। আর ঠিক তারপরেই সে সূর্যের মতো করে বলে–যাব। যাব। নিশ্চয়ই যাব। ক্ষীণ–কটি সুন্দরী আমার তুমি যখন বলছ, তখন যাব একসময় নিশ্চয়ই–গমিষ্যেহং যথা মা ত্বং ব্রবীষি তনুমধ্যমে। কিন্তু দেবতা-পুরুষকে এমনি করে সানুরাগে ডেকে তাকে কি আর ফিরিয়ে দিতে আছে। নিজের ইচ্ছেটাকে কি এমন করে বিফল করে দেবেন তু দেবং সমাহুয় ন্যায্যঃ প্রেষয়িতুং বৃথা।
কুন্তীর সমস্ত অনুরাগ এখন চলে গেছে। সমাজ-বহির্ভূত এই অসামাজিক মিলনের মধ্যে যে বিপন্নতা আছে, সেই বিপন্নতাই এখন তাকে পেয়ে বসেছে। ওদিকে আস্কারা-পাওয়া যুবকটির মতো সূর্য আরও পরিষ্কার করে বললেন–তুমি কী চাও, আমি জানি। তুমি চেয়েছিলে আমারই মতো একটি পুত্র হোক তোমার গর্ভে–তবাভিসন্ধিঃ সুভগে সূর্যাৎ পুত্রো ভবেদিতি। তুমি চেয়েছিলে–সেই ছেলের শক্তিমত্তা হবে দুনিয়ার সমস্ত বীর–পুরুষের চেয়ে বেশি। আর দেখতেও হবে ঠিক আমারই মতো, ঠিক এমনই সোনার বর্ম আঁটা তার গায়ে, এমনই দুটি সুবর্ণ-কুণ্ডল তার কানে–বীর্যেণাপ্রতিমো লোকে কবচী কুণ্ডলীতি চ। কিন্তু এমন একটা পুত্র পেতে হলে তোমার শরীরের মূল্যটুকু যে দিতেই হবে। তুমি আমার হাতে নিজেকে ছেড়ে দাও–সা ত্বম্ আত্মপ্রদানং বৈ কুরুধ গজগামিনি। তুমি যেমনটি চেয়েছিলে সেইরকমই পুত্র হবে তোমার। তবে এর জন্য তোমার সঙ্গে মিলন সম্পূর্ণ করেই যেতে হবে আমাকে–তথা গচ্ছাম্যহং ভদ্রে ত্বয়া সঙ্গম সুস্মিতে।
পুত্র! পুত্র! পুত্র! কুণ্ডলী কবচী সূর্য-পুরুষকে দেখার সময় একবারও কি পুত্রের কথা ভেবেছিলেন কুন্তী? অথচ তার প্রকোষ্ঠে উপস্থিত হওয়ার পর থেকেই সূর্য শুধু পুত্র-পুত্র করে যাচ্ছেন। এর অর্থ একটাই। শারীরিক মিলন। সেকথা এখন সূর্যদেব বেশ স্পষ্ট করেই বলছেন। তুমি নিজেকে আমার হাতে সমর্পণ করো অথবা তোমার সঙ্গে মিলিত হয়ে তবেই আমি যাব–এই কথাগুলি পুত্রলাভের প্রক্রিয়ার মধ্যে পড়ে এবং সেই সব শব্দ এখন স্পষ্ট উচ্চারিত হচ্ছে। এর সঙ্গে আছে সঙ্গম-সহায় চাটুকারিতা-গজগামিনি, সুস্মিতা–এইসব মনভোলানো সম্বোধন। সব কিছু মিলিয়ে সূর্য–পুরুষের অগোপন বক্তব্য একটাই–শারীরিক মিলন। কিন্তু দুর্বাসার মন্ত্র-পরীক্ষার মধ্যে কুন্তীর কৌতূহল ছিল নিশ্চয়ই। এমনকি রক্তিম পুরুষকে দেখে তার প্রথম ভাল লাগাটুকুও হয়ত মিথ্যে নয়। কিন্তু এই যে পুরুষের আগমন মাত্রেই সঙ্গম-চিৎকার ধ্বনিত হচ্ছে, বার–বার পুত্রদানের ব্যঞ্জনায় যে শারীরিক মিলনের কথা প্রকট হয়ে উঠছে, কুন্তী কি এই চেয়েছিলেন?
সূর্যের অকপট সঙ্গমেচ্ছা প্রকট হয়ে উঠলেও কুন্তী যে এই বিষয়ে খুব আগ্রহ দেখালেন, তা মোটেই নয়। নিরুপায় সূর্যদেব এবার ভয় দেখালেন–তুমি যদি আমার কথা না শোন, আমার যা প্রিয় কার্য তা যদি না কর–যদি ত্বং বচনং নাদ্য করিষ্যসি মম প্রিয়–তবে তোমার পিতাকে এবং সেই ব্রাহ্মণের উদ্দেশে অভিশাপ উচ্চারণ করব আমি। তুমি নিজে আমাকে ডেকে এনেছ এখানে এবং তোমার এই অন্যায় আচরণের কথা তোমার পিতাঠাকুর জানেন না, অতএব তোমার এই অপরাধে তোমার পিতাকেই অভিশাপের আগুনে দগ্ধ করব আমি। তবে বাদ যাবেন না সেই ঋষি–ব্রাহ্মণও, যিনি তোমার স্বভাব–চরিত্র কিচ্ছুটি না জেনে তোমাকে এই দেব-সঙ্গমের রহস্য জানিয়েছেন–তস্য চ ব্রাহ্মণস্যাদ্য যোসৌ মন্ত্রমদাত্তব। ভাবটা এই–পুরুষের সম্বন্ধে রমণীর যে সাধারণ সংযমটুকু আকাঙ্ক্ষিত, সেই সংযম-স্বভাবের কথা না জেনে-বুঝে যিনি মন্ত্র দিয়েছেন তোমাকে, সেই ঋষিকে আজ আমি গুরুতর দণ্ড দেবশীলবৃত্তমবিজ্ঞায় স্যামি বিনয়ং পরম।
আমরা জানি, কুন্তী অন্যায়ভাবে তিরস্কার লাভ করছেন। আমরা জানি, সূর্যকে ডাকার সময় মন্ত্র পরীক্ষার কৌতুক ছাড়া আর কিছুই ছিল না এবং এই কৌতুক অতি স্বাভাবিক। আজকের আধুনিক কোনও যুবক-যুবতীকেও যদি এমন স্ত্রী-পুরুষ-বশীকরণের সিদ্ধমন্ত্র দেওয়া যায়, তবে তাঁরাও আগে মন্ত্রের শক্তি পরীক্ষা করার জন্য আকুলিত হবেন। কারণ মণি, মন্ত্র এবং ওষধির মধ্যে তথাকথিত চমৎকৃতির এমনই এক মন্ত্রণা আছে, যাতে লোকে মন্ত্রশক্তি পরীক্ষা করতে খুব তাড়াতাড়ি কৌতূহলী হয়। কুন্তীর ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু সূর্য যে কুন্তীর নিস্তব্ধতায় ক্রুদ্ধ হয়ে শেষ পর্যন্ত তার স্বভাব-চরিত্র নিয়ে গালাগালি দিতে লাগলেন অথবা তার পিতা এবং মন্ত্রদাতা ঋষিকে অভিশাপ দিতে চাইলেন, তার পিছনে কুন্তীর স্বভাব-চরিত্র যত বড় কারণ, তার চেয়ে অনেক বড় কারণ হল নিজের ব্যক্তিগত অপমান।
.jpeg)


0 মন্তব্যসমূহ